সেতু না থাকায় ৫০ গ্রামের মানুষের দুর্ভোগ লাঘবে যুবদলের অস্থায়ী উদ্যোগ
আদিতমারীতে জেলা যুবদলের উদ্যোগে মালদাহ রত্নাই নদীতে বাঁশের সাঁকো নির্মাণ
- আপডেট সময় : ০৪:০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে

সঞ্জয় কুমার | আদিতমারী উপজেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ২ নম্বর ভেলাবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মহিষতুলী মালদাহ রত্নাই নদীতে জেলা যুবদলের উদ্যোগে একটি অস্থায়ী বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে সেতু না থাকায় নদী পারাপারে চরম দুর্ভোগে থাকা এলাকাবাসীর যাতায়াত স্বাভাবিক করতেই এ উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারত থেকে প্রবাহিত মালদাহ রত্নাই নদীটি মহিষতুলী ১ নম্বর খেয়াঘাট এলাকায় অবস্থিত এবং এটি ভারত সীমান্ত থেকে মাত্র ১০০ গজ দূরে। হাজার বছর ধরে এ নদী দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার হয়ে আসছে। সেতু না থাকায় স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের চলাচলে প্রতিনিয়ত ঝুঁকি ও ভোগান্তির সৃষ্টি হচ্ছিল। নদীটির ওপর কোনো স্থায়ী ব্রিজ না থাকায় প্রায় ৫০টি গ্রামের মানুষের দৈনন্দিন যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।
স্থানীয়রা জানান, বিগত সরকারের আমলে একাধিকবার স্থায়ী সেতু নির্মাণের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তা আর হয়নি। বিশেষ করে বর্ষা মৌসুমে নদী পারাপারে সাধারণ মানুষকে নিত্যদিন চরম দুর্ভোগ পোহাতে হতো।
নদীর পশ্চিম পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি বহুমুখী উচ্চ বিদ্যালয়, একটি মাদ্রাসা এবং প্রায় ১০ হাজার মানুষের জনবসতি রয়েছে। অপরদিকে পূর্ব পাশে একটি দাখিল মাদ্রাসা, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি কিন্ডারগার্টেন, একটি স্কুল অ্যান্ড কলেজ এবং দুটি বিজিবি ক্যাম্পসহ প্রায় ১৫ হাজার মানুষের বসবাস।
উভয় পাশের মানুষের জন্য নদী পারাপার ছিল সবচেয়ে বড় সমস্যা।এ বিষয়ে ২ নম্বর ভেলাবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও যুবদলের ইউনিয়ন সিনিয়র সভাপতি মো. আব্দুল করিম মিয়া বলেন, “আমি সবসময় জনগণের পাশে আছি। জনগণের সহযোগিতায় রাস্তা সংস্কার, কাঠের ব্রিজ ও বাঁশের সাঁকো নির্মাণসহ গরিব মানুষের সহায়তায় কাজ করে যাব।”
দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মোফাজ্জল হোসেন মোবা বলেন, “এই বাঁশের সাঁকোটির দৈর্ঘ্য ৬৩ ফুট এবং প্রস্থ ৬ ফুট। সবার সহযোগিতায় আমরা এটি নির্মাণ করতে সক্ষম হয়েছি। জেলা যুবদলের উদ্যোগে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।”
এলাকাবাসী মহিষতুলী মালদাহ রত্নাই নদীতে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন,যাতে প্রতিদিনের নদী পারাপারে আর চরম দুর্ভোগ পোহাতে না হয়।




























