নাগরিক সচেতনতা ও অংশগ্রহণই গণতন্ত্র রক্ষার প্রধান শক্তি—বক্তারা
গোপালগঞ্জে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে সুজনের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৩৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার|গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে সুষ্ঠু,অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং গণতান্ত্রিক উত্তরণে নাগরিকদের ভাবনা ও করণীয় বিষয়ে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গোপালগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে সুশাসনের জন্য নাগরিক (সুজন) গোপালগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।
জেলা সুজনের সভাপতি ও প্রবীণ সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারীর সভাপতিত্বে বৈঠকটি প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে শুরু হয়।
গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সুজনের আঞ্চলিক সমন্বয়ক মো. মাসুদুর রহমান রঞ্জু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজনের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, ডা. সিদ্ধেশ্বর মজুমদার, সুজনের সহ-সভাপতি শিপ্রা বিশ্বাস, অনীমা বিশ্বাসসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন গণতন্ত্রের মূল ভিত্তি। গণতান্ত্রিক উত্তরণের জন্য নাগরিকদের সচেতনতা, ঐক্য ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। একটি শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে নাগরিক সমাজের ভূমিকা অপরিসীম।
গোলটেবিল বৈঠকে মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনায় বক্তারা আরও বলেন, সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্র ও সুশাসনের প্রকৃত রক্ষাকবচ।
আয়োজকরা জানান, সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের সম্পৃক্ত করে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলমান থাকবে।














