নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তনকারী প্রবাসীদের পুনঃএকত্রীকরণে গুরুত্বারোপ
ছাতকে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৯:৪৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

মোঃফজল উদ্দিন|ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় পরিচালিত “ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)” প্রকল্পের উদ্যোগে এবং ছাতক উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন প্রবাস বন্ধু ফোরামের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ছাতক উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রোগ্রাম অর্গানাইজার সাজেদা বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মিজ ডিপ্লোমেসি চাকমা। তিনি তার বক্তব্যে নিরাপদ অভিবাসন, প্রবাসীদের অধিকার সংরক্ষণ এবং দেশে ফিরে আসা অভিবাসীদের টেকসই পুনঃএকত্রীকরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সরকার ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমে অভিবাসীদের জীবনমান উন্নয়ন সম্ভব।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ মিলন মিয়া, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রবাস বন্ধু ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক অজিত কুমার দাশ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ হানিফ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহ আলম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সুবাস চন্দ্র চক্রবর্তী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রণব লাল দাস, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা জয়দেব চন্দ্র দেবনাথসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা বলেন, প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে দেশে ফিরে আসা অভিবাসীদের পুনর্বাসন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক মর্যাদা পুনরুদ্ধারে ব্র্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের তাৎপর্য তুলে ধরে সমাপনী বক্তব্য প্রদান করা হয়।






















