জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাড়ছে রাজনৈতিক তৎপরতা
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হারুন অর রশীদের মনোনয়নপত্র উত্তোলন
- আপডেট সময় : ০৪:৫৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হারুন অর রশীদ মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির এই প্রার্থী।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির নেতা ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, বিএনপির নেতা অ্যাডভোকেট রবিউল ইসলাম দোলন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আব্দুল বারেক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল, রানিহাটি ইউনিয়নের চেয়ারম্যান রহমত আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র উত্তোলনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হারুন অর রশীদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাই তাঁর নির্বাচনে অংশগ্রহণের মূল লক্ষ্য। জনগণের সমর্থন পেলে তিনি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের কার্যক্রম শুরু করেছেন। এতে করে নির্বাচনী মাঠে ধীরে ধীরে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পাচ্ছে।














