উপদেষ্টা পরিষদ অনুমোদন দিলো গুম প্রতিরোধ ও হাওর সংরক্ষণ অধ্যাদেশ এবং সুইজারল্যান্ডে নতুন দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত
উপদেষ্টা পরিষদ বৈঠক: গুম প্রতিরোধ, হাওর সংরক্ষণ ও সুইজারল্যান্ডে নতুন দূতাবাস অনুমোদন
- আপডেট সময় : ০৫:৫৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ২৩ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রথমত, গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ অনুমোদিত হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি ৫ বছরের বেশি সময় ধরে গুম থাকলে এবং জীবিত ফিরে না এলে তাঁকে আনুষ্ঠানিকভাবে ‘ডিসাপিয়ার্ড’ ঘোষণা করা যাবে। ভুক্তভোগী ব্যক্তিগতভাবে ট্রাইবুনালে আইনজীবী নিয়োগ করতে পারবে এবং গুম হওয়া ব্যক্তির পরিবারের সদস্যরা কমিশনের অনুমতি ব্যতীত সম্পত্তি ব্যবহার করতে পারবে।
দ্বিতীয়ত, বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ ২০২৫ অনুমোদন পাওয়ায় হাওর অঞ্চলের ইকোসিস্টেম রক্ষায় নতুন নিয়মাবলী প্রণয়ন করা হবে। হাওর ও জলাভূমি এলাকার জীববৈচিত্র্য, পরিবেশ ও বাস্তুতন্ত্র সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তৃতীয়ত, সুইজারল্যান্ডের বার্নে বাংলাদেশের নতুন দূতাবাস স্থাপন অনুমোদন হয়েছে। স্বাধীনতা পরবর্তী সময় থেকে জেনেভাতে পার্মানেন্ট মিশন থাকলেও বার্নে দূতাবাস না থাকার কারণে জাতিসংঘ ও দূতাবাস কার্যক্রমে সীমাবদ্ধতা ছিল।
বৈঠকে এছাড়াও জুলাই গণ-অভ্যুত্থানের নেতা শরিফ ওসমান হাদির স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
উপদেষ্টা পরিষদ মহান বিজয় দিবস সুন্দর ও সুচারুভাবে উদযাপনের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়কে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছে।






















