ভারত হাইকমিশনারকে তলব, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ
ভারত হাইকমিশনারকে তলব, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ
- আপডেট সময় : ০৮:১৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগ রয়েছে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কিছু চরমপন্থী গোষ্ঠী ঢাকায় অবস্থিত ভারতীয় মিশনকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টি করার পরিকল্পনা করেছে। এই গোষ্ঠীর কর্মকাণ্ড এবং সম্প্রতি কয়েকটি ঘটনার বয়ান তৈরির চেষ্টা ভারত সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার এখনো এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করেনি এবং ভারতের সঙ্গে অর্থবহ তথ্য-প্রমাণ ভাগাভাগি করেনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্কের গুরুত্বের ওপর জোর দিয়ে, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের আহ্বান জানিয়েছে।
প্রসঙ্গত, গত রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল। এসময় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হত্যাচেষ্টার বিষয়ে সন্দেহভাজনরা ভারতে না পালানোর জন্য সহযোগিতা চাওয়া হয়েছিল।
ভারতের প্রত্যাশা, বাংলাদেশে অবস্থিত বিভিন্ন মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।














