উত্তরায় র্যালি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মাধ্যমে মহান বিজয় দিবস পালন
জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে উত্তরা’য় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
- আপডেট সময় : ০৯:১৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৩০ বার পড়া হয়েছে

কামাল খান|ঢাকা প্রতিনিধিঃ
জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
অনুষ্ঠানের শুরুতে উত্তরা ৩ নম্বর সেক্টরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি রঙিন র্যালি বের হয়। র্যালিটি ফ্রেন্ডস ক্লাব মাঠে এসে শেষ হয়। পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
র্যালির নেতৃত্ব দেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিনিয়র সহ-সভাপতি কালিমুল্লাহ ইকবাল। এসময় উপস্থিত ছিলেন আলোকিত সকাল পত্রিকার সম্পাদক মোখলেছুর রহমান মাসুম, সহ-সভাপতি মোহিবুল্লাহ সোহেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম বিল্লাহ শিশির, সহ-সংগঠনিক সম্পাদক দেবাশীষ রায়, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক তানজিরুল এইচ, সহ অর্থ বিষয়ক সম্পাদক মামুন আহমেদ ফিরোজ এবং দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক কাজী আশরাফুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পরবর্তীতে বিকাল ৩টায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালিমুল্লাহ ইকবাল এবং সঞ্চালনায় ছিলেন এম বিল্লাহ শিশির।
আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলোকিত সকাল পত্রিকার সম্পাদক মোখলেছুর রহমান মাসুম। তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সাংবাদিকদের অবদান ও আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয়। যুদ্ধ শেষ হলেও মুক্তির সংগ্রাম এখনো চলমান। সমাজে বৈষম্য ও শোষণের বিরুদ্ধে গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
বক্তারা আরও বলেন, একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সমাজের প্রতিটি ক্ষেত্রে সৎ ও মানবিক মানুষের প্রয়োজন। সেবামূলক ও গণমাধ্যম সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে ন্যায়, সত্য ও ইতিবাচক সংবাদ চর্চার মাধ্যমে দেশ এগিয়ে যাবে।






















