স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামলেন আনিসুল ইসলাম
গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আনিসুল ইসলামের মনোনয়ন ফরম সংগ্রহ
- আপডেট সময় : ০৭:৩৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি :
আসন্ন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এম. আনিসুল ইসলাম (ভুলু মিয়া)।
সোমবার দুপুরের আগে তিনি তার কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে আনিসুল ইসলাম বলেন, জনগণের হারানো অধিকার পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি বলেন, বর্তমানে মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ সেই অধিকার ফিরে পেতে চায়।
তিনি আরও জানান, নির্বাচিত হলে গোপালগঞ্জ-১ আসনের অবকাঠামোগত উন্নয়ন, গরীব-দুঃখী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন। জনগণ যদি তাকে ভোট দিয়ে নির্বাচিত করে, তবে তিনি তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরে তিনি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান এবং জেলা নির্বাচন অফিসার মো. অলিউল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে প্রার্থী হিসেবে সর্বপ্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন স্বতন্ত্র প্রার্থী আনিসুল ইসলাম।






















