উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন
শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়পুরায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন
- আপডেট সময় : ১০:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৩১ বার পড়া হয়েছে

সাদ্দাম উদ্দিন রাজ|নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়।
রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রায়পুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন করা হয়। পরে শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল, সার্কেল এএসপি বায়েজিদ বিন মুনসুর, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান, তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী মাজেদুল ইসলাম (সজিব), উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান (সবুজ), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা হিসাবরক্ষক জাহাঙ্গীরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এ ছাড়া অনুষ্ঠানে রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহ্বায়ক ফজলুর রহমান (ফজলু), ডা. নজরুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিনসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তি ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে এবং তাদের আদর্শ অনুসরণ করে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।






















