মেসিকে কাছ থেকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ দর্শক, RAF নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ।
মেসিকে এক নজর দেখার লড়াইয়ে সল্টলেক স্টেডিয়ামে তাণ্ডব, অসম্পূর্ণ রইল একাধিক কর্মসূচি
- আপডেট সময় : ০৯:২৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

কলকাতায় লিওনেল মেসির বহুল আলোচিত ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর প্রথম পর্ব উৎসবের পরিবর্তে শেষ পর্যন্ত রূপ নেয় বিশৃঙ্খলা ও উত্তেজনায়। শনিবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গন তথা সল্টলেক স্টেডিয়ামে মেসিকে এক ঝলক দেখার আশায় হাজির হয়েছিলেন হাজার হাজার দর্শক। তবে প্রত্যাশা পূরণ না হওয়ায় দর্শকদের একাংশ ক্ষোভে ফেটে পড়ে, যার জেরে স্টেডিয়াম চত্বরে শুরু হয় ভাঙচুর ও বিশৃঙ্খলা।
স্টেডিয়ামে ঢোকার পর রাজনৈতিক নেতা, সাবেক ফুটবলার, কোচ ও আয়োজক কমিটির সদস্যদের ভিড়ে কার্যত ঘিরে ফেলা হয় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকাকে। ফলে গ্যালারিতে উপস্থিত বহু দর্শক কাছ থেকে মেসিকে দেখার সুযোগ পাননি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বোতল ছোড়া, চেয়ার ভাঙচুরের ঘটনাও ঘটে। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় পুলিশ বাহিনীর পাশাপাশি র্যাপিড অ্যাকশন ফোর্স (RAF)।
ভোর ২টা ২৬ মিনিটে কলকাতায় পৌঁছানোর পর দিনটি শুরু করেন মেসি ভার্চুয়ালি শহরে স্থাপিত তার ৭০ ফুট উচ্চতার মূর্তির উদ্বোধনের মাধ্যমে। সকাল সাড়ে ১১টা নাগাদ তিনি সল্টলেক স্টেডিয়ামে প্রবেশ করেন। স্বল্প সময় অবস্থানের মধ্যেই করতালির গর্জনের মাঝে দর্শকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান মেসি। পাশাপাশি মোহনবাগান ‘মেসি’ অল স্টার্স ও ডায়মন্ড হারবার ‘মেসি’ অল স্টার্স দলের সাবেক ভারতীয় ফুটবলারদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি।
তবে ‘ল্যাপ অব অনার’-এর সময় ভিড় সামলাতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। এর ফলে সূচিভুক্ত একাধিক কর্মসূচি বাতিল করতে বাধ্য হন আয়োজকরা। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলকে সংবর্ধনা এবং শিশুদের জন্য আয়োজন করা ‘মাস্টার ক্লাস উইথ মেসি’। নিরাপত্তাজনিত কারণেই শেষ পর্যন্ত স্টেডিয়ামে মেসির উপস্থিতি সংক্ষিপ্ত রাখা হয়।
এদিকে ভারত সফরের শুরুতেই কলকাতায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে এক মঞ্চে দেখা গেছে লিওনেল মেসিকে। শুক্রবার রাতে একটি হোটেলে বন্ধ দরজার অনুষ্ঠানে শাহরুখ খান, মেসি, লুইস সুয়ারেজ ও রদ্রিগো দে পলের সাক্ষাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।














