নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদারে নির্দেশনা
লালমনিরহাটে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৩৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ২২ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি:
আজ শনিবার (০৭ ডিসেম্বর ২০২৫) লালমনিরহাট জেলা পুলিশের উদ্যোগে মাসিক আইন–শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার বর্তমান অপরাধ পরিস্থিতি, আইনশৃঙ্খলা, নির্বাচনী নিরাপত্তা, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারসহ বিভিন্ন বিষয়ে সভায় বিশদ আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল জনাব এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার জনাব জয়ন্ত কুমার সেনসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ সদস্যরা।
সভায় আগামী জাতীয় নির্বাচনে আইন–শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষায় পুলিশের সক্রিয় ভূমিকা নিশ্চিতকরণ, মাদক নির্মূল, সীমান্ত এলাকায় চোরাচালান রোধ, অস্ত্র উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার—এ সব বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
পুলিশ সুপার বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী সর্বদা প্রস্তুত। নির্বাচন সামনে রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”






















