ইতিহাস বিভাগের একমাত্র গোলে দর্শন বিভাগ পরাজিত—উচ্ছ্বাসে মেতে শিক্ষার্থী ও শিক্ষকরা
আদিনা কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ
- আপডেট সময় : ০৮:৪৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আদিনা ফজলুল হক সরকারি কলেজে আজ রোববার (৩০ নভেম্বর) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ইতিহাস বিভাগ ১-০ গোলে দর্শন বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিবছরের মতো এবারও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় এ প্রতিযোগিতা। মোট ১০টি দল অংশগ্রহণ করে টুর্নামেন্টে। গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে ইতিহাস বিভাগের খেলোয়াড় মাসুম পারভেজ নির্ধারিত সময়ে একমাত্র গোল করে দলকে শিরোপা এনে দেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন, রানারআপ ও সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম এবং প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।
এসময় আরো উপস্থিত ছিলেন আদিনা কলেজের সাবেক অধ্যক্ষ মোহাঃ শফিকুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আসগার হোসেন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ড. মোঃ লুৎফর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
ফাইনাল ম্যাচ পরিচালনা করেন রেফারি মানিক, রউফ ও সেলিম। টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইতিহাস বিভাগের মাসুম পারভেজ এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন শাকিল।














