সারের অতিরিক্ত দাম, কৃত্রিম সংকট ও বাজার মনিটরিংয়ের দুর্বলতায় ক্ষতিগ্রস্ত কৃষক সমাজ
আদিতমারী–পাটগ্রামে সারের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য: ন্যায্য দামে বঞ্চিত কৃষকরা
- আপডেট সময় : ০৫:২৮:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

আদিতমারী উপজেলা প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী, কালীগঞ্জ ও পাটগ্রাম উপজেলায় সারের বাজারে সিন্ডিকেটের প্রভাব আরও বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ কৃষক। মৌসুম শুরুর সাথে সাথে কৃত্রিম সংকট সৃষ্টি করে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায় এবং সীমিত সরবরাহ দেখিয়ে কৃষকদের জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।
স্থানীয় কৃষকরা জানান, সরকারি নির্ধারিত দামে সার পাওয়ার কথা থাকলেও বাজারে গিয়ে তাদের অতিরিক্ত মূল্য গুনতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় যেমন বাড়ছে, তেমনি সময়মতো সার না পাওয়ায় ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
কৃষক কৈলাস জানান, “সরকারি দামে এক বস্তা টিএসপি সার ১৩৫০ টাকা হলেও দোকানদাররা ১৯০০ থেকে ২১০০ টাকা পর্যন্ত নিচ্ছে। নির্ধারিত দামে সার চাইলে দেয় না।”
কৃষকদের অভিযোগ—বাজার মনিটরিং কার্যকর না থাকায় সিন্ডিকেটের দৌরাত্ম্য দিন দিন বেড়ে চলেছে। এতে কৃষকদের চরম ভোগান্তি ও উৎপাদন ব্যয় বৃদ্ধির চাপ প্রতিনিয়ত বাড়ছে।
এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগীরা প্রশাসনের প্রতি কঠোর বাজার মনিটরিং ও সিন্ডিকেট ভাঙার কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। কৃষকদের আশা—দ্রুত ব্যবস্থা নেওয়া হলে ন্যায্য মূল্যে সার পাওয়া নিশ্চিত হবে এবং উৎপাদন স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবেন তারা।






















