বারহাট্টায় তিন দিনব্যাপী ধর্মীয় উৎসবে ভক্তদের উপচে পড়া ভিড়
বারহাট্টায় রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্বোধন ও দীক্ষা প্রদান অনুষ্ঠান সম্পন্ন
- আপডেট সময় : ০৬:১৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ২৩৫ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার বারহাট্টা উপজেলার রামকৃষ্ণ সেবাশ্রমে তিন দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান, উদ্বোধন এবং দীক্ষা প্রদানের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে বার্ষিক কর্মসূচি। শুক্রবার থেকে রবিবার (২৮, ২৯ ও ৩০ নভেম্বর) পর্যন্ত আয়োজিত এই ধর্মীয় উৎসবে বিভিন্ন জেলা থেকে আগত বিপুল সংখ্যক পুরুষ ও মহিলা ভক্ত অংশ নেন।
শুক্রবার বাস্তুপূজার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শনিবার সকালে সেবা আশ্রমের শুভ উদ্বোধন করেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ রামকৃষ্ণ সঙ্ঘের দীক্ষাগুরু স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ। উদ্বোধনের পর আশ্রম প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় আশ্রমে এসে শেষ হয়।
অনুষ্ঠানসূচিতে শনিবার দুপুরে প্রসাদ বিতরণ, ভক্তিগীতি ও কীর্তন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়। পরে বারহাট্টা রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি দীপক কুমার সাহার সভাপতিত্বে আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী সন্ততানন্দ মহারাজ, সীতাকুণ্ড রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী ভক্তিপ্রদাদানন্দ মহারাজসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভক্তবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন বারহাট্টা রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক তুষার কান্তি ঘোষ।
রবিবার (৩০ নভেম্বর) সকালে দীক্ষাগুরু স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ দীক্ষার্থী ভক্তদের দীক্ষা প্রদান করলে তিন দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে।






















