খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের আহ্বান নেতাদের
শিবচরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:২৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচর উপজেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে চরশ্যামাইল নদীরপাড়ের উৎরাইল ব্রিজ সংলগ্ন এলাকায় শিবচর উপজেলা বিএনপি এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর–১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী কামাল জামান মোল্লা। সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মো. শাহাদাত হোসেন খান এবং পরিচালনা করেন শিবচর পৌরসভা বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম।
সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহজাহান হোসেন সাজু মোল্লা, আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান মাদবর এবং শহিদুল ইসলাম শহিদ চেয়ারম্যান।
প্রধান অতিথি কামাল জামান মোল্লা বলেন, “বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি জাতির জন্য উদ্বেগজনক। তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়া জরুরি।” তিনি আরও বলেন, “বর্তমান সরকার জনগণের ভোটাধিকারকে ক্ষতিগ্রস্ত করেছে। দলমত নির্বিশেষে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি দাবি করেন, শিবচরে বিএনপির প্রতি জনসমর্থন বেড়েছে এবং মনোনয়ন পেলে উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে নিবেদিতভাবে কাজ করবেন। সভার সভাপতি শাহাদাত হোসেন খান বলেন, “খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবচরের মানুষ একাত্মতা প্রকাশ করেছে। সাংগঠনিকভাবেও বিএনপি আগের চেয়ে আরও শক্তিশালী।”
সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন। শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।






















