ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাশে স্থানীয়দের চোখে পড়ে তরুণের মরদেহ
কুমিল্লার লাকসামে রেললাইনের পাশ থেকে তরুণের লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৮:০০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম পৌর শহরের গন্ডামারা এলাকার জবাইখানা সংলগ্ন ঢাকা–চট্টগ্রাম রেলপথের পাশ থেকে মহিউদ্দিন অন্তর (১৮) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে লাকসাম রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেক) মর্গে পাঠায়।
নিহত মহিউদ্দিন অন্তর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর (পশ্চিমপাড়া) এলাকার নুরুন্নবীর ছেলে। সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, মরদেহের মুখমণ্ডল ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে রেললাইনের পাশে ফেলে গেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নিহতের মা মরিয়ম বেগম জানান, ছেলেটি দীর্ঘদিন ধরেই বাউন্ডুলে স্বভাবের ছিল এবং স্ক্র্যাপ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত। রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকার খবর শুনে তিনি ছুটে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন। তিনি ছেলের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মামলার ব্যাপারে লাকসাম রেলওয়ে থানা একটি সাধারণ ডায়রি (জিডি) করেছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানায়।














