ধানের শীষের পক্ষে প্রচারণায় উত্তাল মণিরামপুর—ইকবাল হোসেনকে প্রার্থী করার দাবি স্থানীয় নেতাদের
মণিরামপুরে বিএনপির গণমিছিল: ইকবাল হোসেনের নেতৃত্বে ধানের শীষের পক্ষে জোয়ার
- আপডেট সময় : ০৭:০০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধিঃ
যশোর-৫ (মণিরামপুর) আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। “ডাক দিয়েছে ইকবাল ভাই, ঘরে থাকার সময় নাই—ভোট দিবেন কিসে, ধানের শীষে” এ সকল স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে মণিরামপুর উপজেলা শহর। বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত এই মহাগণমিছিলে হাজারো নেতা-কর্মী অংশ নেন।
রবিবার (২৩ নভেম্বর) বিকাল ৪টার গণমিছিলকে কেন্দ্র করে সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনে করে নেতা-কর্মীরা ভিড় জমাতে শুরু করেন উপজেলা বিএনপির কার্যালয়ে। দুপুরের পর থেকে পুরো মণিরামপুর শহর জনসমুদ্রে পরিণত হয়। বিভিন্ন মোড়ে মোড়ে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
হ্যান্ডমাইকে স্লোগানের ঢেউ তুলে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ গণমিছিলটি মণিরামপুর গরুহাট মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়কের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে উপজেলা গেট হয়ে কেন্দ্রীয় মসজিদের সামনে পথসভায় পরিণত হয়। ধানের শীষের পক্ষে এই প্রচারনায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোফিজুর রহমান মফিজ, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামসহ অন্যান্য শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন সবসময় মণিরামপুরবাসীর পাশে থেকেছেন এবং উন্নয়ন ও জনসেবায় তার অবদান উল্লেখযোগ্য। তারা কেন্দ্রীয় কমিটির উদ্দেশে বলেন, দীর্ঘদিন রাজপথে নেতৃত্ব দেওয়া ইকবাল হোসেনই যশোর–৫ আসনের যোগ্য প্রার্থী। জোটের শরিক দলের কাছে আসন ছাড়লে তা হবে মণিরামপুর বিএনপির জন্য হতাশাজনক সিদ্ধান্ত।
একান্ত সাক্ষাৎকারে এডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন জানান, “জনগণ আমাকে চায়। আমি অবশ্যই দলীয় মনোনয়ন প্রত্যাশী। এখনো কেন্দ্রীয়ভাবে কোনো প্রার্থী ঘোষণা হয়নি। তবে যাকে মনোনয়ন দেওয়া হবে, আমরা সবাই ধানের শীষের পক্ষে কাজ করবো।”
উল্লেখ্য, যশোরের পাঁচটি আসনে বিএনপি ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করলেও যশোর-৫ (মণিরামপুর) আসনটি এখনো হোল্ডে রয়েছে। এতে মনোনয়ন প্রত্যাশীদের প্রচারণা আরও তীব্র হয়ে উঠেছে এবং এলাকাজুড়ে নির্বাচনী উত্তাপ বাড়ছে।






















