ইমাম-খতিবদের সুরক্ষা, নীতিমালা বাস্তবায়ন ও মডেল মসজিদের কাজ দ্রুত শেষের নির্দেশ
যারা আল্লাহর ঘরে দায়িত্ব পালন করেন তাঁদের অধিকার রক্ষায় সরকারের অবস্থান সুদৃঢ়—কুমিল্লায় ধর্ম উপদেষ্টা
- আপডেট সময় : ০৭:১০:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সারা দেশে নির্মিত মডেল মসজিদগুলোর অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি মসজিদভিত্তিক সেবার মানোন্নয়ন, প্রশিক্ষণ ও তত্ত্বাবধান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।
রবিবার (২৩ নভেম্বর) সকালে কুমিল্লা টাউন মাঠে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ইমাম-খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, মসজিদে ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের কর্মক্ষেত্রে নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে সরকার ইতোমধ্যে নীতিমালা প্রণয়ন করেছে, যা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, “যারা আল্লাহর ঘরে দায়িত্ব পালন করেন, তাঁদের অধিকার ও সুরক্ষায় সরকারের অবস্থান অত্যন্ত সুদৃঢ়। দায়িত্ব পালন করতে গিয়ে কোনো অবিচার বা বৈষম্যের সম্মুখীন হলে তাঁরা যাতে সহজে আইনের সহায়তা পান, সে লক্ষ্যেই নীতিমালা কার্যকর করা হচ্ছে।”
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন কমিশন নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করেছে এবং মাঠপর্যায়ে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, “ঘোষিত সময়সূচি অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের ভোটাধিকারের সুরক্ষায় সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কুমিল্লা মহানগর সভাপতি শায়খ আবদুল্লাহ আল মামুন মোস্তফী।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার, মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী, কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, পুলিশ সুপার নাজির আহমেদ খান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আশেকুর রহমানসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের নেতারা।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি, শান্তি ও সম্প্রীতি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা আল্লামা শাহ্ সালাহ উদ্দিন নানুপুরী।














