নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে পড়ে যায় প্রাইভেটকার, পথচারী নিহত
চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে প্রাইভেটকার নিচে পড়ে এক নিহত, আহত ৪
- আপডেট সময় : ১১:৪১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর নিমতলা মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেটকার রাস্তায় নিচে পড়ে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে বন্দর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রাইভেটকারটি বিমানবন্দর থেকে শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক (চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে) দিয়ে আগ্রাবাদমুখী ছিল। বেপরোয়া গতিতে চলার সময় নিমতলা মোড়ে পৌঁছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের সীমানা দেয়াল ভেঙে নিচে পড়ে যায়।
পুলিশ জানায়, দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনের মধ্যে পথচারী মো. শফিক (৫৫)–কে দ্রুত আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে এক তরুণীসহ চারজনকে বারিক বিল্ডিং মোড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণেই গাড়িটি এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। দুর্ঘটনার পর যান চলাচলে সাময়িক ধীরগতি দেখা দেয়।














