“প্রধান আসামি কামরুল ইসলামের গ্রেপ্তার দাবি—মানববন্ধনে এলাকাবাসীর হুঁশিয়ারি”
ছাতকে ব্যবসায়ী মানিক হত্যা: আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- আপডেট সময় : ০৯:২৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে ব্যবসায়ী মানিক মিয়া হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার বিকেলে ভারতীয় সীমান্তবর্তী ইছামতি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর রাতে ইছামতি বাজারে ব্যবসায়িক লেনদেন নিয়ে লুভিয়া গ্রামের ইউপি আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড সেক্রেটারি কামরুল ইসলামের সঙ্গে বনগাঁও গ্রামের ফজলুল করিমের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে দুই গ্রামের সংঘর্ষে গুরুতর আহত হন বিশিষ্ট ব্যবসায়ী মানিক মিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় ৩ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই থানায় হত্যা মামলা দায়ের করা হলেও প্রধান আসামি কামরুল ইসলাম এখনও পুলিশের ধরা-ছোঁয়ার বাইরে। এলাকাবাসীর অভিযোগ, কামরুল ও তার অনুসারীরা বাদীপক্ষের সাক্ষীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হুমকি দিচ্ছে। এমনকি বাদীর বাড়িঘরে আগুন লাগিয়ে ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে।
এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বনগাঁও আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল হক, সীমান্তিক জনকল্যাণ সংস্থার সভাপতি মো. ইলিয়াছ আলী, ইউপি সদস্য সফিক আলী, ময়না মিয়া, বিএনপি নেতা হেলাল মিয়া, সাবেক মেম্বার রজব আলী, নিহত মানিক মিয়ার ভাই ফজল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা দ্রুত প্রধান আসামি কামরুল ইসলামসহ সকল জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এদিকে, সংঘর্ষের পর দুই সপ্তাহ কেটে গেলেও এলাকার পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। অনেক আসামি আত্মগোপনে রয়েছে, লুভিয়া গ্রামসহ আশপাশের এলাকায় সুনসান নীরবতা বিরাজ করছে।
তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রাহিম জানান, এখন পর্যন্ত সাতজন আসামি গ্রেপ্তার হয়েছেন। মামলার প্রধান আসামি কামরুলসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।














