ইটভাটা ভাঙায় ২০ হাজার শ্রমিকের কর্মসংস্থান হুমকিতে, প্রশাসনের অভিযান স্থগিত
চকরিয়ায় ইটভাটা উচ্ছেদে রুখে দাঁড়াল শ্রমিকরা, কাফনের কাপড় পরে সড়কে শুয়ে প্রতিবাদ
- আপডেট সময় : ০৯:৪৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ার মানিকপুর এলাকায় পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের যৌথ অভিযানে তিনটি পরিবেশবান্ধব ঝিকঝাক চিমনি–যুক্ত ইটভাটা ভেঙে দেওয়ার পর উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। রবিবার সকাল থেকে শুরু হওয়া অভিযানে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতির দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মালিকরা।
মানিকপুরে অভিযান শেষে যখন প্রশাসনের দল লামা উপজেলার ফাইতং এলাকায় প্রবেশ করে, তখন পরিস্থিতি নাটকীয় রূপ নেয়। কর্মসংস্থান রক্ষার দাবিতে শত শত শ্রমিক কাফনের কাপড় পরে সড়কে শুয়ে ইটভাটা উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ গড়ে তোলেন। এতে পাহাড়ি সড়কের ওপর প্রশাসনের যানবাহন আটকা পড়ে।
উত্তেজনাকর পরিস্থিতি অনুধাবন করে কর্তৃপক্ষ সাময়িকভাবে দুই দিনের জন্য উচ্ছেদ অভিযান স্থগিতের ঘোষণা দেয়।
ইটভাটা মালিক ও শ্রমিকদের অভিযোগ, দুই যুগ ধরে মানিকপুর ও ফাইতং এলাকার ইটভাটা থেকে উৎপাদিত ইট আশপাশের পেকুয়া, মহেশখালীসহ বিভিন্ন এলাকায় ঘরবাড়ি নির্মাণ ও সরকারি–বেসরকারি প্রকল্পে ব্যবহার হয়ে আসছে। হঠাৎ এই উচ্ছেদে প্রায় ২০ হাজার শ্রমিকের জীবিকা হুমকির মুখে পড়বে বলে দাবি তাদের।
এদিকে মালিকদের আরও অভিযোগ, পরিবেশ উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী ড্রাম চিমনি ও ১২০ ফুট ফিক্সড চিমনি–যুক্ত ভাটায় অভিযান চালানোর কথা থাকলেও, তা না করে পরিবেশবান্ধব ঝিকঝাক চিমনির ভাটাগুলো ভেঙে নির্দেশনা লঙ্ঘন করেছে সংশ্লিষ্ট বিভাগ।
শ্রমিকদের হুঁশিয়ারি—জীবন ও জীবিকা ধ্বংসের চেষ্টা হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন














