রাজনৈতিক সহিংসতার মামলার আসামি হিসেবে ফরিদপুর থেকে গ্রেপ্তার সাবেক ছাত্রলীগ সভাপতি
হরিরামপুরে আত্মগোপনে থাকা সাবেক ছাত্রলীগ নেতা লুৎফর রহমান গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:৫৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুরে আত্মগোপনে থাকা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর রহমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম শুক্রবার (১৪ নভেম্বর) রাতে ফরিদপুর জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করে।
জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারের পর লুৎফর রহমানকে শনিবার সকালে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান জানান, ২০২২ সালে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাসভবনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাঙচুর ও মারধরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।
সে মামলায় ৮৬ জনের নাম উল্লেখসহ আরও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি মো. দেলোয়ার হোসেন খান দুলাল মামলাটি দায়ের করেন ২০২৪ সালের ৩১ অক্টোবর।
ওসি মজিবুর রহমান আরও জানান, মামলার অন্যতম আসামি লুৎফর রহমান ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। দীর্ঘ তদন্ত শেষে তার অবস্থান নিশ্চিত করে ডিবি পুলিশ ফরিদপুর থেকে তাকে গ্রেপ্তার করে।






















