শিবচরে বিএনপি’র রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে জনসম্পৃক্ততা বাড়াতে মাঠে হান্নান মিয়া ও স্থানীয় নেতারা
শিবচরে বিএনপি’র ৩১ দফা প্রচারে হান্নান মিয়ার গণসংযোগ কর্মসূচি
- আপডেট সময় : ০৪:০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে বিএনপি ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা বিএনপির সদস্য এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ–সভাপতি মোহাম্মদ আবদুল হান্নান মিয়ার নেতৃত্বে দত্তপাড়া, কুতুবপুরসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ এবং বিএনপি’র ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে হান্নান মিয়া স্থানীয় বাজার, পাড়া-মহল্লা এবং বাড়ি বাড়ি গিয়ে সাধারণ জনগণের হাতে রাষ্ট্র সংস্কার সম্পর্কিত বিএনপি’র ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন। এ সময় তিনি জনগণের খোঁজখবর নেন এবং তাদের মতামত শোনেন।
গণসংযোগকালে মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী হান্নান মিয়া বলেন, “শিবচরের মানুষের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে। দীর্ঘদিন ধরে দল ও এলাকার জন্য কাজ করেছি। আশা করছি কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে মনোনয়ন দেবে। সুযোগ পেলে শিবচরকে মাদকমুক্ত, উন্নত ও শান্তিপূর্ণ এলাকায় রূপ দিতে কাজ করব।”
এই কর্মসূচিতে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন জেলা তাঁতিদলের সদস্য সচিব শাহ আলম মাতুবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাসার হাওলাদার, আব্দুল সোবহান মিয়া, জামাল গোমস্তা, পৌর যুবদল নেতা জাহিদ মোল্লিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গণসংযোগে অংশ নেওয়া স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। শিবচরবাসীর মাঝে বিএনপি’র ৩১ দফা সম্পর্কে উল্লেখযোগ্য আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।














