নেত্রকোনায় মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনে ডাঃলুৎফা হক:‘এবার ভোটাধিকার প্রয়োগ করতে চাই’
- আপডেট সময় : ০৮:০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

“ফ্যাসিস্টরা আমাদের ভোটাধিকার কেঁড়ে নিয়েছিল, এবার আমরা ভোট দিতে চাই”-এমন মন্তব্য করেছেন ডাঃ লুৎফা হক। বুধবার (১৫ নভেম্বর) নেত্রকোনার বারহাট্টা উপজেলার এ.কে. খান দাখিল মাদ্রাসায় দিনব্যাপী ফ্রি আই ও মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গত ১৮ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার ফেব্রুয়ারির নির্বাচনে সবাইকে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করতে হবে। এ সময় তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং আগামীর নেতৃত্বে তারেক রহমানকে দেখতে চান বলেও উল্লেখ করেন।
ক্যাম্পে দুই থেকে আড়াই হাজার অসহায় মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। পুরো ক্যাম্পের সার্বিক সহযোগিতা করেন নেত্রকোনা-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক।
পরে ক্যাম্প পরিদর্শনে এসে অধ্যাপক ডা. আনোয়ারুল হক বলেন, “আমরা পূর্বেও এমন সেবামূলক ক্যাম্প করেছি। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার অংশ হিসেবে অসহায় ও গরিব মানুষের জন্য এই স্বাস্থ্যসেবা অব্যাহত থাকবে।”
রুবেল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, শামস উদ্দিন আহমেদ বাবুল, মানিক আজাদ, সানোয়ার হোসেন ঠাকুর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সত্যেন্দ্র পাল, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলামসহ জেলা–উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীরা।






















