বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আবুল কাসেম আটক
পটিয়ার আ.লীগ নেতা ও কাশিয়াইশের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার আওয়ামী লীগ নেতা ও কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাসেমকে সীতাকুণ্ড এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পটিয়া থানা সূত্রে জানা গেছে, গত ১২ নভেম্বর (বুধবার) রাত ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আবুল কাসেমের বিরুদ্ধে বিস্ফোরক এবং হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। বিএনপির দায়ের করা এসব মামলার মধ্যে চারটি মামলায় তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট জারি ছিল।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, “আবুল কাসেম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলাসহ চারটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, রাজনৈতিক অস্থিতিশীলতার সময় এসব মামলায় তার নাম উঠে আসে। বর্তমানে তদন্তাধীন মামলাগুলো আদালতের প্রক্রিয়ায় চলমান রয়েছে।














