তৃণমূলের মতামত উপেক্ষা, স্থানীয় নেতাদের ক্ষোভ
রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি: স্থানীয় নেতাদের সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৮:৩১:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
রোববার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে দুর্গাপুর প্রেসক্লাবে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু।
বক্তারা অভিযোগ করেন, “অধ্যাপক নজরুল ইসলামকে তৃণমূলের মতামত উপেক্ষা করে প্রার্থী করা হয়েছে। তিনি এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত নন এবং দলের নিয়মিত কর্মসূচিতেও অংশ নেন না।” বক্তারা আরও বলেন, “রাজশাহী-৫ আসনে বহু ত্যাগী ও জনপ্রিয় নেতা রয়েছেন, যারা দলের সংকটকালেও পাশে ছিলেন। অথচ তাদের বাদ দিয়ে একজন অচেনা মুখকে প্রার্থী করায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।”
সংবাদ সম্মেলনে বক্তারা কেন্দ্রীয় বিএনপির কাছে অধ্যাপক নজরুল ইসলামের মনোনয়ন বাতিল করে স্থানীয়ভাবে জনপ্রিয় ও ত্যাগী নেতাকে প্রার্থী করার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মণ্ডল, সহকারী অধ্যাপক সোহেল রানা সেলিম, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোর্শেদ শিবলী, সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বহু নেতা।
তারা সবাই রাজশাহী-৫ আসনের মনোনয়ন বঞ্চিত জুলফার নাইম মোস্তফা বিস্ময়, আবু বক্কর সিদ্দিক ও ইসফা খায়রুল হক শিমুলের সমর্থক হিসেবে পরিচিত।






















