ব্যালট বিপ্লবের মাধ্যমে সন্ত্রাসমুক্ত, সমৃদ্ধ ও শান্তির রাউজান গড়ার অঙ্গীকার
“সুযোগ পেলে রাউজানকে সন্ত্রাসমুক্ত শান্তির রাউজান হিসেবে গড়ে তুলব: গোলাম আকবর খোন্দকার”
- আপডেট সময় : ০৩:৫৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব গোলাম আকবর খোন্দকার বলেছেন,
“ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে রাউজানেও একটি ব্যালট বিপ্লব ঘটাতে হবে। রাউজানে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, গুম ও খুনের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করে ধানের শীষের পক্ষে ব্যালট বিপ্লবের মাধ্যমে একটি সমৃদ্ধশালী ও শান্তির জনপদ হিসেবে রাউজানকে গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “রাউজানের আপামর জনসাধারণ যদি আমাকে সুযোগ দেয়, তবে আমি সুখী, সমৃদ্ধশালী, সন্ত্রাসমুক্ত ও শান্তির রাউজান প্রতিষ্ঠায় সর্বদা সচেষ্ট থাকব।”
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে গোলাম আকবর খোন্দকার বলেন,
“১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নস্যাত্ করে দেশপ্রেমের এক অনন্য নজির স্থাপন করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির সূচনা করেন।”
তিনি আরও বলেন, “৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অনন্য ঐতিহাসিক দিন। সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে দেশ একনায়কতন্ত্র ও একদলীয় শাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক পরিবেশে ফিরে আসে।”
গত শুক্রবার বিকেলে নোয়াপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি জনাব শরাফত উল্লাহ বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন গোলাম আকবর খোন্দকার।
সভায় রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন ও যুবদল নেতা এন আই বাবুলের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মাহমুদ জসিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সভাপতি আবু আহমেদ ও সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান।
সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। বক্তারা বলেন, রাউজানের জনগণ পরিবর্তন চায়— তারা চান একটি সন্ত্রাসমুক্ত ও শান্তির রাউজান।














