বিএনপি নেতা নওশাদ জমিরের মন্তব্য—বাংলাদেশে ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থান আর সম্ভব নয়
“ফ্যাসিস্ট সরকারের পরাজয় হয়েছে, তাদের পুনরুত্থান আর সম্ভব নয়: ব্যারিস্টার নওশাদ জমির”
- আপডেট সময় : ১০:১২:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছে। এখন দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে, তাই ফ্যাসিস্ট সরকারের পুনরুত্থান আর সম্ভব নয়।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে বিএনপির পঞ্চগড়-১ আসনের তেঁতুলিয়া, সদর ও আটোয়ারী উপজেলার নেতাকর্মীদের সঙ্গে তৃণমূল প্রতিনিধি সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার নওশাদ বলেন, “কেউ কেউ বলছেন, আগামী ১০-১৩ নভেম্বর নাকি বাংলাদেশ অচল করে দেবে। কিন্তু আমি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ গত বছর যে সিদ্ধান্ত নিয়েছে, তা স্পষ্ট—ফ্যাসিস্ট শক্তির পরাজয় ঘটেছে। বাংলাদেশে আবার সেই শক্তির উত্থান সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ বহু রক্ত ও ত্যাগের বিনিময়ে স্বৈরাচারী শাসনব্যবস্থাকে বিদায় দিয়েছে। এখন গণতন্ত্রের পথে দেশ এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ, কেউই এই যাত্রা রুখতে পারবে না।”
আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে নওশাদ জমির বলেন, “১৭ বছর পর দেশের মানুষ এবার ভোট দিতে পারবে। জনগণ ব্যাপক সাড়া দিচ্ছে। আমরা বিশ্বাস করি, আগামীতে বিএনপি সরকার গঠন করবে।”
তিনি আরও জানান, পঞ্চগড়ের চা শ্রমিক ও চা চাষীদের জন্য কাজ করছেন তিনি। “আগে ৫ তারিখের আগে চায়ের দাম পাওয়া যেত না, এখন পাচ্ছে। আমরা বেকারদের কর্মসংস্থান ও একটি বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা নিয়েছি।”
এসময় উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবুর সঞ্চালনায় ব্যারিস্টার নওফল জমির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, আব্দুল মজিদ, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রিনা পারভীনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের ২৩টি ইউনিয়নের বিএনপি ও মহিলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।














