সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনার সমর্থনে পথসভায় বক্তব্য
সিলেট-২ আসনে ধানের শীষ গণতন্ত্রের প্রতীক: গৌছ আলী
- আপডেট সময় : ০৪:৩৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধিঃ
ধানের শীষ কেবল একটি নির্বাচনী প্রতীক নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতীক বলে মন্তব্য করেছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী।
তিনি বলেন, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনার নেতৃত্বে গণমানুষের জোয়ার সৃষ্টি হয়েছে। তরুণ-যুবক, নারী ও সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। এই আসনে বিজয় শুধু একটি এলাকার নয়, এটি হবে গণতন্ত্রের বিজয়।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারেক রহমান আজ গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তিনি ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করছেন— যা বিএনপিকে আরও শক্তিশালী করছে।
গৌছ আলী বলেন, তাহসিনা রুশদীর লুনা শুধু একজন রাজনীতিক নন, তিনি এম. ইলিয়াস আলীর আদর্শ ও সংগ্রামের ধারক। দীর্ঘদিন ধরে তিনি সিলেট-২ আসনের মানুষের সুখে–দুঃখে পাশে রয়েছেন এবং জনগণের ভালোবাসা অর্জন করেছেন। তিনি মাঠে থেকে দলের নেতাকর্মীদের সংগঠিত করেছেন ও মানুষের অধিকারের জন্য সোচ্চার থেকেছেন।
তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে তাহসিনা রুশদীর লুনার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
সোমবার (৩ নভেম্বর) বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মুফতির বাজারে লিফলেট বিতরণ শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। (বিজ্ঞপ্তি)






















