র্যালি, আলোচনা সভা ও অতিথিদের বক্তব্যে সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরা
কালিয়াকৈরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস
- আপডেট সময় : ০৫:৪২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় সমবায় দিবসের ৫৪তম আয়োজন উদযাপিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে। “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে দিবসটি পালন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ। সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ জাকারিয়া। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কালিয়াকৈর মৎস্য আড়ৎ সমবায় সমিতির কোষাধ্যক্ষ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিসিএ লিমিটেডের সভাপতি মোফাজ্জল হোসেন ও কালিয়াকৈর থানার ওসি তদন্ত জাফর আলী খান। এছাড়া বিভিন্ন সমবায় সংগঠনের সদস্য, গণমাধ্যম কর্মী এবং সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও গ্রামীণ জনগোষ্ঠীর স্বাবলম্বিতায় সমবায় আন্দোলনের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়মূলক উদ্যোগ শক্তিশালী হলে স্থানীয় অর্থনীতি গতিশীল হবে এবং কর্মসংস্থান বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।














