জবি জকসু নির্বাচনকে ঘিরে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময় সভায় দাবি
জবি জকসু নির্বাচন: সাংবাদিক প্রবেশে পরামর্শের শর্ত ছাত্রদলের, ম্যানুয়াল ভোট গণনার দাবি
- আপডেট সময় : ০৯:১৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে সাংবাদিকদের প্রবেশ ও পাশকার্ড প্রদানে ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা করার প্রস্তাব দিয়েছেন জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন। তিনি বলেন, “জকসু নির্বাচনে সাংবাদিকদের কাকে পাশকার্ড দেওয়া হবে, তা আমাদের সঙ্গে পরামর্শ করে দিতে হবে। কোনো সাংবাদিক আচরণবিধি লঙ্ঘন করলে তাকে সঙ্গে সঙ্গে কেন্দ্র থেকে বের করে দিতে হবে।”
রোববার (২ নভেম্বর) দুপুরে উপাচার্যের কনফারেন্স রুমে জকসু নির্বাচন কমিশন আয়োজিত মতবিনিময় সভায় এ দাবি করেন তিনি।
এসময় জবি ছাত্রদল আসন্ন নির্বাচনে ইভিএম বা মেশিনের পরিবর্তে ম্যানুয়াল ভোট গণনা, নির্বাচনের সময় পিছিয়ে দেওয়া এবং ভোটের ৯৬ ঘণ্টা আগ পর্যন্ত ওয়েলফেয়ার কার্যক্রম চালু রাখার দাবি জানায়।
ছাত্রদলের নেতা মেহেদী হাসান হিমেল বলেন, “অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে পর্যাপ্ত সময় দেওয়া হলেও জকসু নির্বাচনে তাড়াহুড়ো করা হচ্ছে। এতে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার চেষ্টা থাকতে পারে বলে সন্দেহ হয়।”
শামসুল আরেফিন আরও বলেন, “অমোচনীয় কালি ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। প্রয়োজন হলে অমোচনীয় কালির ব্যবস্থা না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখতে হবে।”
অন্যদিকে শাখা শিবির সভাপতি রিয়াজুল ইসলাম প্রশাসনের ঘোষিত তারিখ ২৭ নভেম্বরেই নির্বাচন আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “নির্বাচন পিছিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করা যাবে না।”
সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান, কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলী, অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ ও ড. আনিসুর রহমান। এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের শীর্ষ নেতা ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।














