বঙ্গোপসাগরের তীরে ভেসে আসে মরদেহ, তদন্তে পুলিশ
বাঁশখালীতে সাগরে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
- আপডেট সময় : ১১:০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল পয়েন্টে সাগর তীরে লাশটি ভেসে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাগর তীরে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা প্রথমে উদ্ধার করেন। শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংসদের সদস্যরা জোয়ারের পানিতে মরদেহটি আবার ভেসে যাওয়ার আশঙ্কায় দ্রুত উদ্ধার করে প্রশাসনের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি থানায় নিয়ে যায়।
বাহারচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজনু মিয়া বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।”
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশের ধারণা, সাগরে নিখোঁজ কোনো ব্যক্তি হতে পারে। স্থানীয়দের সহযোগিতায় মরদেহের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।














