রাজাপুরে মরহুম বিএনপি নেতা নাসিম উদ্দিন আকনকে স্মরণ করে মিলাদ ও দোয়া মাহফিল
রাজাপুরে বিএনপি নেতা নাসিম উদ্দিন আকনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:২৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর সাংবাদিক ক্লাবের উদ্যোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নাসিম উদ্দিন আকনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ক্লাবের হলরুমে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, সাংবাদিক সমাজ, শ্রমিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা ফিরোজ আকন, মরহুম নাসিম উদ্দিন আকনের বড় ভাই। সভাপতিত্ব করেন রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি আলমগীর শরীফ।
বক্তব্যে প্রধান অতিথি ফিরোজ আকন আবেগাপ্লুত হয়ে বলেন, “নাসিম উদ্দিন আকন শুধু আমার ছোট ভাই ছিলেন না, তিনি ছিলেন আমার গর্ব ও রাজাপুর বিএনপির প্রাণভোমরা। তাঁর মতো নিবেদিত নেতা বিরল। তাঁর আদর্শ ও দায়িত্ব আমি পালন করবো ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে ক্লাবের সহ-সভাপতি আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক ইয়াসিন খান, শহিদুল ইসলাম মাসুদ, সাইফুল ইসলাম রাব্বি, নবীন মাহসুদ, রনি সিকদার, উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আলম খান ও শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে রহিম রেজা বলেন, “নাসিম উদ্দিন আকন ছিলেন মানবতার প্রতীক। তাঁর অবদান রাজাপুরের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
শেষে বাগড়ি সিকদারবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা রহমতুল্লাহর পরিচালনায় মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদে বিএনপি নেতাকর্মী, সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।






















