ঘাঘর বাজারে অর্ধশতাধিক অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ, প্রশাসনের অভিযান চলমান
কোটালীপাড়ায় ঘাঘর বাজারে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা
- আপডেট সময় : ০৬:৩৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ ভাসমান দোকানগুলোর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম বিল্লাহ, থানার পুলিশ, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করেন।
এর আগেও কয়েক দফা ফুটপাতের এই ভাসমান দোকানগুলোর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছিল। তখন ব্যবসায়ীদের পৌর কিচেন মার্কেটে স্থানান্তরের নির্দেশনা দেওয়া হলেও তারা পুনরায় ফুটপাত দখল করে দোকান চালাতে শুরু করেন।
ব্যবসায়ীরা জানান, কিচেন মার্কেটে ক্রেতার উপস্থিতি কম থাকায় তাদের বিক্রি হয় না, তাই বাধ্য হয়েই তারা ফুটপাতে দোকান বসাচ্ছেন।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, “ঘাঘর বাজার কোটালীপাড়ার সবচেয়ে বড় ও পুরনো বাজার। প্রতিদিন শত শত মানুষ এখানে আসে। ফুটপাতে দোকান বসানোয় বাজারে ক্রেতা-বিক্রেতাদের চলাচলে বাধা সৃষ্টি হয়। অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবসায়ীদের বারবার সতর্ক করেছি, কিন্তু তারা নির্দেশ অমান্য করায় আজ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।”
তিনি আরও জানান, অভিযানে প্রায় অর্ধশতাধিক অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে এবং এ অভিযান চলমান থাকবে। পাশাপাশি পশ্চিম পাড় বাসস্ট্যান্ড সংলগ্ন কাঁচা বাজার স্থানান্তরের প্রক্রিয়াও চলছে যাতে যান চলাচল স্বাভাবিক থাকে।






















