চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-ছেলের করুণ মৃত্যু
মিরসরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে মা-ছেলে নিহত
- আপডেট সময় : ০৮:০৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে

রাজু আহমেদ, বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) বেলা ৩টার দিকে করেরহাট-রামগড় সড়কের ফরেস্ট অফিসের মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ফটিকছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার জাকির হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন (৪০) ও তার ছেলে মো. হোসাইন (১২)। তারা ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শীরা জানান, করেরহাট থেকে রামগড়গামী সিএনজি অটোরিকশাটি ফরেস্ট অফিস এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম বলেন, “নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”














