ফেল থেকে পাসের আশায় রেকর্ডসংখ্যক আবেদন শিক্ষার্থীদের
কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি ফল পুনঃনিরীক্ষণে আবেদন করলেন ২৭ হাজার শিক্ষার্থী
- আপডেট সময় : ০৭:০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন মোট ২৭ হাজার ১৮১ জন শিক্ষার্থী। যা বোর্ডের মোট পরীক্ষার্থীর প্রায় এক-চতুর্থাংশ। এর মধ্যে ১৮ হাজার ৮৮০ জন শিক্ষার্থী ফেল থেকে পাসের আশায় পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন, যা ফেল করা পরীক্ষার্থীর প্রায় ৩৭ শতাংশ।
বোর্ড সূত্রে জানা গেছে, এসব শিক্ষার্থীর মোট ৯৪ হাজার ৬টি পেপারে পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন এসেছে ইংরেজি বিষয়ে— ১৬ হাজার ১০১ জন শিক্ষার্থী কেবল ইংরেজি ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট বিকাশ চন্দ্র মল্লিক জানান, “এবার ফলাফলের সামগ্রিক মান কিছুটা নিচে নেমেছে। ফলে আবেদনও বেশি এসেছে। ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আবেদন নেওয়া হয়, এবং পুনঃনিরীক্ষিত ফল আগামী ১৬ নভেম্বর প্রকাশ করা হবে।”
এ বছর কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষায় পাশের হার মাত্র ৪৮ দশমিক ৮৬ শতাংশ, যা সারাদেশে সর্বনিম্ন। মোট ৯৯ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৪৮ হাজার ৬৫৭ জন। ফলে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী ফেল করেন।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন জানান, “ইংরেজি ও উচ্চতর গণিতে ফলাফল খারাপ হয়েছে। প্রায় ৩৫ শতাংশ শিক্ষার্থী ইংরেজিতে ফেল করেছে। তবে এটিই বাস্তব চিত্র।”
বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম বলেন, “আমরা ফলাফল পর্যালোচনা করছি। যেসব প্রতিষ্ঠান বেশি খারাপ করেছে, তাদের সঙ্গে আলাদা করে আলোচনা করা হবে। পাশাপাশি ইংরেজি ও গণিতের মতো দুর্বল বিষয়গুলো নিয়েও পৃথকভাবে পর্যালোচনা হবে। আমরা আশা করছি, এই পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া থেকে ইতিবাচক পরিবর্তন আসবে।”














