তথ্যপ্রযুক্তির সহায়তায় সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের সফল অভিযান
চট্টগ্রামে কোতোয়ালী থানার অভিযানে চুরি হওয়া দুই ল্যাপটপ উদ্ধার, পেশাদার চোর গ্রেফতার
- আপডেট সময় : ০৫:১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে চুরি হওয়া দুটি ল্যাপটপ উদ্ধারসহ এক পেশাদার চোরকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৭ অক্টোবর ২০২৫ ইং তারিখে তমাল দাশ (৩৬) নামে এক ব্যক্তির ফ্ল্যাটের ড্রয়িং রুমের বারান্দার গ্রীল কেটে চোরেরা একটি LENOVO Laptop ও একটি HP Laptop চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী থানার একটি চৌকস আভিযানিক টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চোর মোঃ শফিকুল ইসলাম (৩৫) ওরফে সফিকুল ওরফে শইক্কা চোর-কে গ্রেফতার করে। সে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার বাতাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের বাসিন্দা। বর্তমানে সে চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়ী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে চোরাইকৃত ০১টি LENOVO Laptop (Processor: CDC) এবং ০১টি সরকারি HP Laptop (Processor: Intel Core i5) উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিষয়ে কোতোয়ালী থানার মামলা নং-৩৩, তারিখ-২০/১০/২০২৫ খ্রি., ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড অনুসারে আসামিকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে বিভিন্ন থানায় মোট ১২টি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, চুরি, ডাকাতি ও মাদক সংক্রান্ত মামলায় পূর্বে গ্রেফতার হলেও সে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার কর্মকর্তা বলেন, “আমরা অপরাধ দমনে সব সময় তৎপর রয়েছি, এমন অভিযান অব্যাহত থাকবে।”






















