দুর্বৃত্তদের অগ্নিসংযোগে পুড়লো তিন ভাইয়ের বসতবাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল নারী ও শিশু
বাঁশখালীতে বসতবাড়িতে অগ্নিসংযোগ: পুড়ে গেছে তিন ভাইয়ের তিনটি ঘর
- আপডেট সময় : ০৬:৩৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

বাঁশখালী প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে ঘুমন্ত অবস্থায় বসতবাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এতে তিন ভাইয়ের তিনটি বসতঘর ও মালামাল সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে একটি মোটরসাইকেল, হাঁস-মুরগি এবং নগদ টাকাও পুড়ে যায়। পরিবারের অভিযোগ, অগ্নিসংযোগের পর দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেয়।
শনিবার (২৫ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে বাঁশখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের আশকরিয়া এলাকায় এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। পুড়ে যাওয়া ঘরগুলো মোহাম্মদ হোসাইনের তিন পুত্র কামাল মাঝি, মোহাম্মদ এরশাদ ও মোহাম্মদ সাইফুল ইসলামের।
অল্পের জন্য প্রাণে বেঁচে যান ঘুমন্ত নারী ও শিশুরা। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত সাইফুল ইসলামের স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন,
> “আমি দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন দেখে বের হতে গেলে দেখি বাইরে থেকে দরজা লাগানো। পরে চিৎকার শুনে লোকজন এসে আমাদের উদ্ধার করে। দুই-চার মিনিট দেরি হলে আমরা সবাই পুড়ে মরতাম।”

তার বড় ভাই মোহাম্মদ সেলিম অভিযোগ করে বলেন,
> “দুর্বৃত্তরা ঘরে আগুন দিয়ে দরজা আটকে আমার বোনসহ সবাইকে পুড়িয়ে মারতে চেয়েছিল। আশপাশের লোকজন কেউ সাহায্যে এগিয়ে আসেনি।”
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন,
> “অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।”
স্থানীয়রা জানান, এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।














