ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন: ফায়ার সার্ভিস তৎপর
কালিয়াকৈর সূত্রাপুরে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে
- আপডেট সময় : ০৯:০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন লেগে যায়। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে সূত্রাপুর ইউনিয়নের জিএমএস টেক্সটাইল গার্মেন্টসের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার ব্যস্ত সড়কে চলন্ত অবস্থায় হঠাৎ অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। চালক তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে নিরাপদ দূরত্বে সরে যান। কিছুক্ষণের মধ্যেই পুরো অ্যাম্বুলেন্সটি আগুনে পুড়ে যায়। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও সিএনজি সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কায় কেউ কাছে যেতে সাহস পাননি।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এই প্রতিবেদনের সময় পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পরিচালক ইফতেখার হোসেন রায়হান চৌধুরি জানান, আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।














