ধানখেতের মধ্যে উদ্ধার হওয়া নারীর লাশ নিয়ে এলাকায় চাঞ্চল্য
রাজশাহীর পবায় ধানখেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, ধর্ষণের পর হত্যার আশঙ্কা
- আপডেট সময় : ০৯:৫০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী জেলার পবা উপজেলার বাগসারা মোড় এলাকায় ধানখেত থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯টার দিকে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পান। পরে তারা দ্রুত পুলিশে খবর দেন।
খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। পুলিশ জানায়, নারীর পরিচয় শনাক্তে জোর চেষ্টা চলছে।
পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নারীটিকে হত্যা করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নিহত নারীর শরীরে কোনো পোশাক ছিল না। তাদের ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করে ধানখেতে ফেলে রাখা হয়েছে।
ওসি মনিরুল ইসলাম আরও বলেন, “ঘটনাস্থল থেকে সিআইডি আলামত সংগ্রহ করেছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”














