ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তরুণদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা
কুমিল্লা বিভাগের দাবিতে ৫ হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা, তরুণদের স্লোগানে মুখর মহাসড়ক
- আপডেট সময় : ০৮:৫৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা বিভাগের দাবিতে ঢাকাগামী মহাসড়কে ৫ হাজারেরও বেশি মোটরসাইকেল নিয়ে বিশাল শোভাযাত্রা করেছে কুমিল্লার তরুণরা। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডস্থ হোটেল নুরজাহানের সামনে থেকে শুরু হয় এই শোভাযাত্রা।
জুমার নামাজের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে শত শত মোটরসাইকেল বহর নিয়ে তরুণরা পদুয়ার বাজারে জড়ো হতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই মহাসড়কের এই অংশটি পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ‘দাবি মোদের একটাই, কুমিল্লার নামে বিভাগ চাই’ স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। কারো হাতে জাতীয় পতাকা, কারো বুকে প্ল্যাকার্ড—সবার একটাই দাবি, প্রশাসনিক বিভাজনে যেন কুমিল্লা নামেই নতুন বিভাগ ঘোষণা করা হয়।

স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষও শোভাযাত্রাকে স্বাগত জানিয়ে সংহতি প্রকাশ করেন। শোভাযাত্রার সময় মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া ইঞ্জিনিয়ার শিহাব উদ্দিন ও নুর মোহাম্মদ মজুমদার বলেন,
“প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। হাজার বছরের ঐতিহ্যের এই নগরী যখনই বিভাগের দ্বারপ্রান্তে পৌঁছায়, তখনই ষড়যন্ত্র শুরু হয়। বৃহত্তর কুমিল্লার ছয় জেলার ৪২টি আঞ্চলিক কার্যালয় এখানেই অবস্থিত। তাই অবিলম্বে কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করতে হবে।”














