গ্রামীণ নারীর হাতে তৈরি পিঠা-পায়েস, জৈব সবজি ও অচাষকৃত উদ্ভিদের প্রদর্শনী
মানিকগঞ্জে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে গ্রামীণ খাদ্য উৎসব: নিরাপদ খাদ্যের বার্তা ছড়াচ্ছে কৃষকরা
- আপডেট সময় : ০৭:৫৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডি গ্রামে “হাতে রেখে হাতে, উত্তম খাদ্য ও উন্নত আগামীর পথে” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে এক মনোজ্ঞ খাদ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।
১৬ অক্টোবর বরুন্ডি কৃষক সংগঠনের আয়োজনে, বেসরকারি গবেষণাধর্মী প্রতিষ্ঠান বারসিক (BARCIK) ও PANAP এর সহযোগিতায় এ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক গবেষক ও বরুন্ডি কৃষক সংগঠনের সাধারণ সম্পাদক সবিতা বিশ্বাস।
খাদ্য উৎসবে আলোচনায় অংশ নেন কৃষক মাহিনুর আক্তার, বিনা মন্ডল, কল্পনা সরকার, মো. সোবাহান, গুরুদাস সরকার, গোসাইদাস সরকার প্রমুখ।
বারসিক প্রোগ্রাম অফিসার গাজী শাহাদত হোসেন বাদল, সত্যরঞ্জন সাহা, মুকতার হোসেন ও বারসিক মানিকগঞ্জ আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় বলেন, “বিশ্ব খাদ্য দিবসের এ আয়োজন গ্রামীণ সংস্কৃতি, নারীর চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।”

তারা আরও বলেন, গ্রামে মানুষ বসবাস করে প্রকৃতির সঙ্গে মিল রেখে। মাঠ-ঘাট থেকে খাবার সংগ্রহ করে নিজেদের খাদ্য চাহিদা পূরণ করে। কৃষক পর্যায়ে তথ্য আদান-প্রদানের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষি জ্ঞান বিনিময় বাড়ছে।
উৎসবে নারী, যুব, শিশু, কৃষক, শিক্ষক-শিক্ষার্থী, ইউপি সদস্য ও উন্নয়ন কর্মীসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় গ্রামীণ নারীরা নিজের হাতে তৈরি পিঠা-পায়েস, জৈব সবজি, নিরাপদ ফল, বালাইনাশকবিহীন শাকসবজি ও অচাষকৃত উদ্ভিদ নিয়ে নানা রকমের স্টল প্রদর্শন করেন।
সবিতা বিশ্বাস জানান, “অচাষকৃত উদ্ভিদ যেমন হেলেঞ্চা, ঘিমা, থানকুনি, বউটুনি, বাইতা শাক — এসব রাসায়নিকবিহীন ও পুষ্টিগুণে ভরপুর শাক আমাদের পরিবারের খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখে।”
কৃষক শোভা রাণী বলেন, “আমরা জৈব উপায়ে ধান, শাকসবজি ও মসলা চাষ করি। নিজের হাতে তৈরি পিঠা, নাড়ু, পায়েস খেলে খাবার নিরাপদ থাকে ও শরীর ভালো থাকে।”
উৎসবে প্রদর্শিত স্টলগুলোতে গ্রামীণ কৃষি যন্ত্রপাতি, জৈব সার ও কম্পোস্ট সার ব্যবহারের উপকারিতা তুলে ধরা হয়। এতে স্থানীয় কৃষকেরা কম খরচে নিরাপদ ও টেকসই কৃষিতে উৎসাহিত হন।






















