তৃণমূলে আলোচনার কেন্দ্রবিন্দু মিন্টু পরিবার, কে পাচ্ছেন ধানের শীষের মনোনয়ন?
ফেনী-৩ আসনে মিন্টু পরিবার ঘিরেই বিএনপির মনোনয়ন হিসাব–তৃণমূলে জোর আলোচনা
- আপডেট সময় : ১০:৫৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

আলেয়া আক্তার,ফেনী প্রতিনিধি:
২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই ফেনী-৩ আসনে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। বিএনপি অধ্যুষিত হিসেবে পরিচিত দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন নিয়ে চলছে তীব্র আলোচনার ঝড়।
দলীয় সূত্রে জানা গেছে, ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর পরিবারকে ঘিরে। স্থানীয় নেতাকর্মীদের হিসাবনিকাশেও মিন্টু পরিবারই মূল আলোচনায় রয়েছেন।
২০০৮ সালের নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন প্রয়াত মোহাম্মদ মোশাররফ হোসেন। এর আগে ১৯৯৬ সাল থেকে তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯১ সালে জাতীয়তাবাদী কৃষক দলের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি মাহবুবুল আলম তারা এখানে বিজয়ী হয়েছিলেন।
২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাজী রহিম উল্যাহ জয়ী হন। এরপর ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন। ওই দুই নির্বাচন বিএনপি বর্জন করেছিল।
তবে ২০১৮ সালে দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক ও মিন্টুর ছোট ভাই আকবর হোসেন ধানের শীষের প্রার্থী হয়ে নির্বাচন করেন। ফলে ২০২৬ সালের আসন্ন নির্বাচনে আবারও মিন্টু পরিবারের কোনো সদস্য প্রার্থী হবেন কি না, তা নিয়েই জোর গুঞ্জন চলছে তৃণমূলে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আবদুল আউয়াল মিন্টুর বড় ছেলে তাবিথ আউয়াল ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছেন, তাই তার ফেনীতে প্রার্থী হওয়ার সম্ভাবনা কম। তবে ছোট ভাই আকবর হোসেন কিংবা মিন্টুর অন্য দুই ছেলে তাফসির আউয়াল ও আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি তাজওয়ার আউয়ালের নামও আলোচনায় রয়েছে।
তাজওয়ার আউয়াল বর্তমানে আলহাজ সফিউল্যাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে আছেন। তার স্ত্রী ও ওয়েব (উইমেনস এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)-এর প্রতিষ্ঠাতা সভাপতি নাসরীন ফাতেমা আউয়ালের প্রার্থীতা নিয়েও জল্পনা রয়েছে।
সোনাগাজী উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদীন বাবলু বলেন, “দলের নেতাকর্মীদের আলোচনায় মিন্টু ভাইয়ের নামই বেশি উচ্চারিত হচ্ছে। তিনি এখনও প্রার্থীতা নিয়ে মুখ না খুললেও দলের সিদ্ধান্তেই চূড়ান্ত হবে সবকিছু।”
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক বলেন, “মিন্টু সাহেবের উন্নয়নমূলক কাজ ও সামাজিক অবদান ফেনীর মানুষের কাছে গ্রহণযোগ্য। দল এমন প্রার্থীই দিতে চায় যিনি নির্বাচনে জয়ী হতে পারেন।”
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, “ফেনী-৩ আসনে মনোনয়ন চূড়ান্তে মিন্টু ভাইয়ের পছন্দ বড় ভূমিকা রাখবে।”






















