আইনশৃঙ্খলা ও পুলিশি সেবা নিয়ে বোরহানউদ্দিনে উন্মুক্ত আলোচনা
পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) কর্তৃক বোরহানউদ্দিন থানা পরিদর্শন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ২৪ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধি :
অদ্য ১৩ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয় বোরহানউদ্দিন থানা পরিদর্শন করেন। পুলিশ সুপার মহোদয় থানায় উপস্থিত হলে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানায় কর্মরত অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করেন এবং থানার সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। তিনি থানা ভবন, অফিস কক্ষ, ব্যারাক, মেস ও হাজতখানা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে বোরহানউদ্দিন থানার আয়োজনে থানা প্রাঙ্গণে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
সুধী সমাবেশের শুরুতে তিনি থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মানোন্নয়ন ও সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে উন্মুক্ত আলোচনা করেন। এ সময় উপস্থিত ব্যক্তিবর্গ তাৎক্ষণিকভাবে প্রশ্ন উত্থাপন করলে পুলিশ সুপার মহোদয় সেগুলোর উত্তর প্রদান করেন এবং আইনগত সহায়তা নিশ্চিত করতে অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব সত্যজিৎ কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল), অফিসার ইনচার্জ বোরহানউদ্দিন থানা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।






















