জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের ধারণা
রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত
- আপডেট সময় : ১০:৫৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

রাজশাহীতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের এক কর্মী নিহত হয়েছেন। নিহত শান্ত (২৬) স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী হিসেবে পরিচিত ছিলেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর আলীগঞ্জ পূর্বপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শান্ত স্থানীয় হাসনাতের ছেলে। ঘটনার সময় পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা শান্তকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস জানান, শান্তকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আনা হয়, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।














