মোগলবাসা ইউনিয়নে নারী-শিশুর নিরাপত্তা নিয়ে স্থানীয়দের উদ্বেগ
কুড়িগ্রামে পূর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতি চার লাখ টাকা
- আপডেট সময় : ০৬:৩৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে এক গৃহবধূর বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মোছাঃ আমিনা বেগম। এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী জানান, স্বামী ঢাকায় কর্মরত থাকায় তিনি সন্তানদের নিয়ে বাড়িতে একাই ছিলেন। এ সুযোগে একই ইউনিয়নের মোখলেছ, মজিদুল, ইলিয়াস, আবু তাহেরসহ ১০-১৫ জন তার বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে এবং নগদ টাকা, স্বর্ণালংকার, গবাদিপশু লুট করে নিয়ে যায়।
অভিযোগে আরও বলা হয়, পূর্বের একটি হত্যা মামলা কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা চলে আসছিল। এর জেরে গত ৫ ডিসেম্বর রাতে লুটপাটের ঘটনা ঘটে। পরদিন সকালেই আগুনে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় তিন সন্তানকে নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন তিনি।
ভুক্তভোগী আমিনা বেগম বলেন, “রাতে হঠাৎ ১০-১৫ জন এসে হামলা চালায় এবং আগুন লাগিয়ে দেয়। নগদ টাকা, স্বর্ণ ও গবাদিপশু নিয়ে যায়। আমি সন্তানদের নিয়ে এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”














