সোনামসজিদ সীমান্তে বিজিবির বিশেষ টহলে নতুন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ১৫০ বোতল ভারতীয় ‘চকো প্লাস’ সিরাপ আটক
- আপডেট সময় : ০৪:২১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি চলমান শীত মৌসুমে মাদক চোরাচালান প্রতিরোধে বিশেষ গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, প্রতিবেশী দেশ ভারত থেকে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ‘চকো প্লাস’ নামে নতুন ধরনের নেশাজাতীয় সিরাপ বাংলাদেশে প্রবেশের চেষ্টা বাড়তে পারে।
এই তথ্যের ওপর ভিত্তি করে ৫৯ বিজিবি সীমান্ত এলাকায় টহল জোরদার করে। এরই ধারাবাহিকতায় গত ৩ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ১৮৫/১৭-এস থেকে প্রায় ৪০ গজ ভেতরে মালিকবিহীন অবস্থায় ১৫০ বোতল ভারতীয় চকো প্লাস সিরাপ আটক করতে সক্ষম হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটককৃত সিরাপগুলো প্রচলিত আইনগত প্রক্রিয়া অনুসারে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
উল্লেখ্য, গত এক মাসে এ ব্যাটালিয়ন প্রায় ২০০ বোতল নেশাজাতীয় চকো প্লাস সিরাপ আটক করেছে।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,
“মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্সনীতি অব্যাহত রয়েছে। সীমান্তে মাদক প্রতিরোধে আমাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে।”














