দেড় কোটি টাকার বরাদ্দ বিতর্ককে কেন্দ্র করে উত্তপ্ত লালমনিরহাটের রাজনৈতিক প্রেক্ষাপট
লালমনিরহাট ডিসি অপসারণ দাবিতে বিএনপির মানববন্ধন: নেপথ্যে ১.৫ কোটি টাকার বরাদ্দ বিতর্ক
- আপডেট সময় : ০২:৫৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) মহোদয়কে অপসারণের দাবিতে শনিবার (২৯ নভেম্বর ২০২৫) বেলা ১০টায় মিশন মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। সংগঠনের সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
স্থানীয় সূত্র বলছে, এর আগের দিন শুক্রবার রাতে একটি গোপন বৈঠকে জেলা প্রশাসককে পরিকল্পিতভাবে অপসারণের কৌশল নিয়ে আলোচনা করেন দুলু ও তার ঘনিষ্ঠরা। পরদিন সরকারি কর্মকর্তা সম্পর্কে নানা ‘মিথ্যা অপবাদ’ প্রচার করে মানববন্ধন আয়োজন করা হয় বলে অভিযোগ উঠেছে।
এদিকে সম্প্রতি লালমনিরহাট মহাসড়কে ব্রিজ নির্মাণস্থলে একটি ট্রাক উল্টে ছোট ধরনের দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন তৈরি হয়। অভিযোগ রয়েছে, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে জনমনে অসন্তোষ তৈরি করে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে জেলা বিএনপি।
গোপন সূত্রের দাবি, জেলা প্রশাসক ও সাবেক উপমন্ত্রী দুলুর মধ্যকার বিরোধের মূল কারণ দুলুর দাবিকৃত দেড় কোটি টাকার পুকুর খনন বরাদ্দ। জেলা প্রশাসক বরাদ্দ দিতে অসম্মতি জানালে দুলু ক্ষুব্ধ হয়ে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে প্রশাসনবিরোধী পরিবেশ সৃষ্টি করছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক বা জেলা বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।






















