ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে উত্তাল শিবচর—তৌহিদী জনতার বিক্ষোভে অংশ নিল হাজারো মানুষ
মাদারীপুরে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৮:০০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে বুধবার (২৬ নভেম্বর) মাগরিবের নামাজের পর বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তৌহিদী জনতার আয়োজনে আয়োজিত এ কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেয়। আল্লাহর নামে অশালীন মন্তব্য ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে এলাকাজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
শিবচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি স্থানীয় কেন্দ্রীয় এলাকায় গিয়ে শেষ হয়। নেতারা অভিযোগ করেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
মিছিলে নেতৃত্ব দেন মাওলানা আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন—
মাওলানা জুবায়ের আহমেদ কাসেমী;
মাহফুজুর রহমান ঢালী;
মাওলানা বজলুর রহমান আরেফী;
মাওলানা রফিকুল ইসলাম;
নাসিম মাদবর;
মো. শাহিন মিয়া;
এবং কাজী ইসমাম হোসাইন।
সভায় বক্তারা বলেন, আল্লাহ ও রাসূলকে নিয়ে কটূক্তি মুসলমানের হৃদয়ে চরম আঘাত হানে—এ ধরনের অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তৃতায় মাওলানা জুবায়ের আহমেদ কাসেমী বলেন, “আল্লাহ ও কুরআন নিয়ে কটূক্তিকারীরা সমাজের জন্য কলঙ্ক। আবুল সরকার কুরআনের প্রকৃত ব্যাখ্যা না বুঝে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে।”
মাহফুজুর রহমান ঢালী বলেন, “আল্লাহর নামে কোনো অশালীন মন্তব্য মুসলমানের হৃদয়ে আগুন জ্বালায়। শুধু আবুল নন, তার পেছনে কারা উসকানি দিয়েছে সেটিও তদন্ত করা জরুরি।”
মাওলানা বজলুর রহমান আরেফী জানান, “ধর্মবিরোধী মন্তব্যের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে।”
সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।














