প্রযুক্তিনির্ভর প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচি
কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উদ্বোধন, বর্ণাঢ্য র্যালিতে খামারি-কৃষকদের অংশগ্রহণ
- আপডেট সময় : ০৬:১১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ৯১ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) বা বাংলা ১১ অগ্রহায়ণ ১৪৩২ সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
রঙিন ব্যানার, পোস্টার, গ্রামীণ পশুপালনের প্রতীক এবং প্রযুক্তিনির্ভর প্রাণিসম্পদ উন্নয়ন প্রচারের উপকরণ নিয়ে সাজানো র্যালিতে স্থানীয় কৃষক, খামারি, ছাত্রছাত্রীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, আধুনিক প্রযুক্তি, উন্নত বীজ, টিকাদান, রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং দুধ–ডিম–গোশত উৎপাদনের নতুন কৌশল এখন দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিচ্ছে। সরকার পরিচালিত প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) গ্রামীণ পশুপালন খাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সক্ষম হয়েছে বলেও তাঁরা উল্লেখ করেন।
সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল-ভেড়া পালন, কৃত্রিম প্রজনন প্রযুক্তি, রোগ প্রতিরোধ, খামার ব্যবস্থাপনা, পশুখাদ্য উন্নয়নসহ নানা সেবা দেওয়া হবে। স্থানীয় খামারিরা তাঁদের উৎপাদিত পণ্য ও উদ্ভাবনী কার্যক্রমও প্রদর্শন করবেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কালীগঞ্জের তত্ত্বাবধানে এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচি প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহায়তায় পরিচালিত হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে, নতুন উদ্যোক্তা সৃষ্টি করবে এবং নিরাপদ প্রাণিজ পণ্য উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আনবে।














